
নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। শনিবার (৩১জুলাই) সন্ধ্যায় মহাসড়কের পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আদম আলী জানান, সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ক্যাডেট কলেজ এলাকায় পেছন দিক থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গোলাম হোসেনের (৪০) মৃত্যু হয়।
নিহত গোলাম হোসেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামধনভূয়ামারি গ্রামের আতাউর রহমানের ছেলে। অপরদিকে সন্ধ্যা সাতটার দিকে দেওহাটা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাজমা বেগম (২৮) নামের এক নারী নিহত হন। নিহত নাজমা বেগম জেলার মধুপুর উপজেলার আকাশি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। নিহত দু’জনই গার্মেন্টকর্মী ছিলেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।