
নিউজ ডেস্কঃ লাখ টিকার হিসাব করে এখন আর হবে না, হিসাব করতে হবে কোটির। ১৩ কোটি মানুষের জন্য আমাদের ২৬ কোটি টিকা চাই। সেখানে লাখের হিসাব করে এগোনো যাবে না। তাই টিকা সংগ্রহ এ মুহূর্তে সরকারের প্রধান কাজ। ক্রয়ের স্বচ্ছতা আমরা চাই, কিন্তু যে দামেই টিকা পাওয়া যাক, তাতেই আমাদের টিকা ক্রয় করা উচিত। কেননা ‘লকডাউনের’ আর্থিক ক্ষতি টিকার আপাতত উচ্চ দামের চেয়ে অনেক বহুগুণ বেশি। সরকারের যে টাকা নেই তা তো নয়! কিন্তু ফ্রি টিকা নিতে গিয়ে লাখের হিসাবে পড়ে থাকলে চলবে না। এখন টিকার হিসাব করতে হবে কোটিতে। শনিবার (১ আগস্ট) দুপুরে এসব কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
করোনা মোকাবিলা, শ্রমিকদের হয়রানি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ সার্বিক পরিস্থিতি বিষয়ে জরুরি নাগরিক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সরকারের অনুমতি পেলে রাশিয়ার স্পুটনিক টিকার দুই কোটি ডোজ দ্রুত গতিতে দেশে আনা সম্ভব বলেও জানান তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর। অনুষ্ঠান পরিচালনা করেন গণস্বাস্থ্যের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।