
নিউজ ডেস্কঃ এখন থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সব পরীক্ষা হাসপাতালের প্যাথলজিতেই হবে। এজন্য সংক্রমিত ব্যক্তিকে হাসপাতালের বাইরে যেতে হবে না। রোববার (১ আগস্ট) থেকে হাসপাতালের নির্ধারিত প্যাথলজি বিভাগগুলোতে এ কার্যক্রমের নির্দেশনা দিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সকাল ১১টার দিকে নিজ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন। সেখানে এসব তথ্য জানান।রামেক হাসপাতাল পরিচালক বলেন, রোগীরা হলো আমাদের কাছে ‘ভিআইপি’। খুব শিগগিরই হাসপাতালে ভর্তি রোগীদের সমস্ত প্যাথলজিক্যাল টেস্ট হাসপাতালের প্যাথলজি বিভাগেই করা হবে। এজন্য হাসপাতালে সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।
বর্তমানে ১ হাজার ২৫০ শয্যার হাসপাতালটিতে ল্যাব টেকনোলজিস্ট আছেন মাত্র ১১ জন। যাদের মধ্যে ব্লাড ব্যাংকে পাঁচজন কাজ করেন এবং প্যাথলজিগুলোতে কাজ করেন ছয়জন। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এ সংখ্যক জনবল দিয়ে উত্তর বঙ্গের বৃহৎ এ হাসপাতালের প্যাথলজি বিভাগ সামলানো কঠিন হয়ে পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষের জন্য। তাই শিগগিরই আউটসোর্সিংয়ের মাধ্যমে প্যাথলজি বিভাগগুলোর জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। আর হাসপাতালের প্যাথলজি বিভাগের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আউটডোর, ইনডোর, ওয়ান স্টপ সার্ভিস ও কার্ডিয়াক প্যাথলজি নামে চারটি আলাদা প্যাথলজি সেবা চালু করা হবে। রোগীদের যাতে ছোটাছুটি করতে না হয় সেজন্য হাসপাতালের ওয়ার্ডগুলোর কাছে স্থাপন করা হবে কালেকশন পয়েন্ট। যেখান থেকে রোগী বা স্বজনরা টেস্ট সংশ্লিষ্ট সব তথ্য ও সেবা পেতে পারবেন। এমনকি ওয়ার্ডের বিছানায় শুয়ে থাকা গুরুতর রোগীদের সেখানেই টেস্টের ব্যবস্থা করা হবে। এসবের জন্য নামমাত্র সার্ভিস চার্জ নেওয়া হবে।