
নিউজ ডেস্কঃ দেশের ৭৩টি গ্রন্থাগার ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে প্রথমে ৭১টি সরকারি ও দুইটি বেসরকারি গ্রন্থাগারকে ডিজিটাল রূপ দেওয়া হবে। সোমবার (২ আগস্ট) আইসিটি বিভাগের জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, রোববার (১ আগস্ট) রাতে আইসিটি বিভাগ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে ভার্চ্যুয়ালি এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ডিজিটালিইজ হতে যাচ্ছে দেশের ৭১টি সরকারি ও ২টি বেসরকারি গ্রন্থাগার। এতে নতুন প্রজন্মের চাহিদা অনুসারে প্রযুক্তিকে কাজে লাগিয়ে জ্ঞানসমৃদ্ধ সমাজ বিনির্মাণে আইসিটি সফটওয়্যার ও যন্ত্রপাতিসহ গ্রন্থাগারগুলোর আধুনিকায়ন করার মূল লক্ষ্য নিয়ে আলোচনা হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সভায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ) মো. এনামুল কবিরসহ আইসিটি বিভাগ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণ ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।