
নিউজ ডেস্কঃ আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের সব ইউনিট প্রধানকে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শোক দিবসের অনুষ্ঠানগুলোর আয়োজন করা হচ্ছে কিনা, সে দিকে খেয়াল রাখারও নির্দেশ দিয়েছেন আইজিপি।সোমবার (০২ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে ভার্চ্যুয়ালি সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপারদের (এসপি) এ নির্দেশনা দেন আইজিপি। আগস্ট আমাদের শোকের মাস উল্লেখ করে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, এ মাসে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাষ্ট্র ও সরকার বিরোধী অনেক কার্যক্রম চালানো হয়েছে। একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। ১৭ আগস্ট জেএমবি দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা চালিয়েছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। সন্ত্রাসী কার্যক্রম, সর্বহারাদের অপতৎপরতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ইত্যাদি বিষয়ে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে।