
নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবী ও গুলশান থানার পৃথক চার মামলায় বিতর্কিত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুইজন বিচারক পৃথক পৃথক আদেশে এ রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে পল্লবী থানার চাঁদাবাজি ও টেলিযোগাযোগ আইনের মামলায় চারদিন করে আটদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান।
অপরদিকে, গুলশান থানার মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিন করে ছয়দিনের রিমান্ডের আদেশ দেন অপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী। গত ৩০ জুলাই গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এদিন তার বিরুদ্ধে পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের এক মামলায় সাতদিন ও চাঁদাবাজির মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিপক্ষে রিমান্ড বাতিল চাওয়া হয়। শুনানি শেষে বিচারক চারদিন করে আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।