
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, শরণার্থী নীতি সংস্কার নিয়ে বিশ্ব ব্যাংকের প্রস্তাবিত রূপরেখা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ‘বাস্তুচ্যুত’ রোহিঙ্গাদের ক্ষেত্রে প্রযোজ্য না হওয়ায় তা প্রত্যাখ্যান করা হয়েছে। সোমবার (২ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আব্দুল মোমেন বলেন, ‘বিশ্বব্যাংক যে প্রতিবেদন তৈরি করেছে, সেটা বাংলাদেশের জন্য নয়, ১৬টি দেশের জন্য প্রযোজ্য। যেসব দেশে শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে, সেখানে যাতে আত্মীকরণ করা যায়, যাতে শরণার্থী ও স্থানীয় লোকজনের মধ্যে ঝগড়াঝাঁটি কমে, শরণার্থীদের সুন্দর ভবিষ্যৎ দেওয়া যায়, সে জন্য বিশ্বব্যাংক এই প্রতিবেদন তৈরি করেছে।'পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যে রোহিঙ্গাদের রেখেছি, তারা আমাদের সংজ্ঞাতে শরণার্থী না। তারা হচ্ছে নির্যাতিত ও বাস্তুচ্যুত জনগণ, আমরা কিছুদিনের জন্য তাদেরকে এখানে আশ্রয় দিয়েছি। আমাদের অগ্রাধিকার ইস্যু হচ্ছে তারা ফিরে যাবে।’ তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারও বলেছে, তাদেরকে নিয়ে যাবে। চার বছর হলো যায় নাই, তারা কিন্তু কখনো বলে নাই, নিবে না। সুতরাং, এরা সাময়িকভাবে আশ্রয় নেওয়া লোক। এখানে আমরা আশ্রয় দিয়েছি। তারা শরণার্থী না।’