
নিউজ ডেস্কঃ নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা নারী, পুরুষ ও শিশুসহ ১৪ রোহিঙ্গাকে কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৪ শিশু রোহিঙ্গা রয়েছেন। বুধবার (৪ জুলাই) বিকেলে চরএলাহী ৩নং ওয়ার্ড বামনী নদীর হেঞ্জু মাঝির ঘাট এলাকা থেকে রোহিঙ্গাদের আটক করে স্থানীয়রা।আটককৃত রোহিঙ্গা হলেন-ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের হারজিনা (২৪), মো. রফিক (২৯), সাবিকুন নাহার (৩৭), জান্নাত উল্যাহ (২), মো. রশিদ (১৭), খায়রুল আমিন (২৪), জাহেদা বেগম (২২), সাইদুল আমিন (৩০), সামছুন নাহার (১), নুর আলম (২০), জাহিদ হোসেন (১৮), রেয়াজুল ইসলাম (২৯), সাইদুর আলম (১৪) ও নুর ইসলাম (৬০)।
আটককৃত রোহিঙ্গারা জানান, তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দালালের মাধ্যমে ইঞ্জিন চালিত ট্রলারে করে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওয়ানা করেছিলেন। কিন্তু দালালরা কৌশলে আমাদের কুতুপালং ঘাটের কথা বলে হেঞ্জু মাঝিরঘাটে নামিয়ে দিয়ে চলে যায়। চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, বিকেল ৩টার দিকে আমার ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করে স্থানীয় জনতা আমাকে জানায়। আমি আটককৃত রোহিঙ্গাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে কোম্পানীগঞ্জ থানাকে বিষয়টি অবগত করি এবং পুলিশের কাছে তাদের সোপর্দ করি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা দায়ের করা হবে। বৃহস্পতিবার (৫ আগস্ট ) আটক রোহিঙ্গাদের কারাগারে পাঠানো হবে।