
নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচে পরপর টানা জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ আগস্ট) ম্যাচ শেষ হওয়ার পরপরই এ অভিনন্দন জানান তারা। বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অজিদের ৫ উইকেটে হারায় স্বাগতিক বাংলাদেশ। সফরকারীদের দেওয়া ১২২ রানের টার্গেট ৫ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই টপকে যায় টাইগাররা। অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখকে হারায় বাংলাদেশ। কিন্তু তারপরই দলের বিপর্যয় কাটিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান। কিন্তু সাকিবও বেশিক্ষণ থিতু হতে পারেননি। ১৭ বলে ২৬ রানের মহামূল্যবান ইনিংস খেলে এন্ডু টাইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। এর আগে যদিও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। সাকিবের পর রিভিউ নিয়ে রক্ষা পান আফিফ হোসাইনও।