
নিউজ ডেস্কঃ করোনাকালে সার্বিক পরিস্থিতিতে ভয় না পেয়ে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। পাশাপাশি প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী মাস্ক পরার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ করেছেন। বুধবার (৪ আগস্ট) দুপুরে কসবা পৌরসভার উদ্যোগে স্থানীয় টি আলী ডিগ্রি কলেজ মাঠে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, আপনারা এখন বাসা থেকে বের হতে পারছেন না। কিন্তু এতে আপনারা ভীত হবেন না। আমরা আপনাদের পাশে থেকে যতটুকু সম্ভব অসুবিধা দূর করার চেষ্টা করব। তিনি বলেন, আপনারা শুধু মনে রাখবেন যে করোনা কাউকে ছাড়ে না। মানুষ যে আগে বলতো এটা বড়লোকের অসুখ তা ঠিক না। এটা বড়লোক, গরিব বোঝে না। আপনাদেরকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী বলেছেন যে সব সময় মাস্ক পরে রাখবেন। তিনি আপনাদেরকে টিকাদানের ব্যবস্থা করেছেন। আমরাও টিকাদানের প্রস্তুতি নিয়েছি।