
বিনোদন ডেস্কঃ বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব। বৃহস্পতিবার (০৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। র্যাব জানায়, পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা (নং-৫) দায়ের করা হয়েছে। এছাড়া, নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে মাদক আইনে পৃথক আরেকটি মামলা (নং-৬) দায়ের করা হয়েছে।
থানা সূত্র জানায়, তাদের এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এসব মামলায় প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হবে। এদিকে, রাজ ও সবুজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে পৃথক আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে পৌনে ৬টার দিকে পরীমনিসহ আটক চারজনকে নিয়ে বনানী থানায় যান র্যাব সদস্যরা। বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ অন্যান্য মাদক উদ্ধার করা হয়। এরপর প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসা থেকেও মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।