
নিউজ ডেস্কঃ দিনভর কাঠফাটা রোদের পর রাজধানীতে বজ্রঝডসহ তুমুল বৃষ্টিপাত হয়েছে। গতকাল সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল থেকে আকাশ ছিল মেঘমুক্ত। ফলে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে তাপমাত্রাও। বাড়তে বাড়তে থার্মোমিটারের পারদ, উঠে যায় ৩৫ দশমিক ৬ ডিগ্রিতে। রাজধানীতে গত দুই সপ্তাহে এটাই বেশি তাপমাত্রা। দিনভর এই অবস্থা বিরাজ করলেও সন্ধ্যা থেকে রূপ পাল্টাতে থাকে প্রকৃতি। গর্জন ছাড়া কেবল চমকাতে থাকে বিজলি। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। মুহুর্মুহু বজ্রপাতে প্রকম্পিত হয় চারপাশ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বজ্রঝড়ের সঙ্গে বৃষ্টিতে অনেক এলাকার ট্রান্সফরমার বিকল হওয়ার খবরও পাওয়া যায়। কোথাও কোথাও দেখা দেয় লোডশেডিং। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আগামী দুদিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।