
নিউজ ডেস্কঃ আগামী ৬ মাসের মধ্যে করোনার টিকা প্রাপ্যতা নিশ্চিত করতে রাশিয়ার সহায়তা নিয়ে দেশে টিকা উৎপাদনের উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আমরা যদি স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদন করি তাহলে রয়্যালটি দিয়েও দাম পড়বে আধা ডলার বলে উল্লেখ করেন তিনি। শনিবার (৭ আগস্ট) দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে এক ওয়েবিনারে তিনি এ মন্তব্য করেন। ডা. জাফরুল্লাহ বলেন, ভ্যাকসিন তৈরি নিউক্লিয়াস সাইন্সের বিষয় নয়। আমাদের অভিজ্ঞতা রয়েছে কিন্তু বিনিয়োগের প্রয়োজন হবে। আজকে কিউবা ও ইরান নিজেরা নিজেদের ভ্যাকসিন তৈরি করে। তাদের সাহায্য করেছে রাশিয়া। তিনি বলেন, আমি দেড় বছর আগে প্রধানমন্ত্রীকে বলেছিলাম, অন্যের স্তুতিতে না নেচে এদেশের সব নাগরিককে দলমত নির্বিশেষে ব্যবহারের চেষ্টা করেন। ট্রিপসের আইনানুসারে কোনো ব্যক্তি বা রাষ্ট্র যদি জনস্বার্থে কোনো টেকনোলজি চায় সে কোম্পানি তা দিতে বাধ্য। এর বিনিময়ে তারা একটি রয়্যালটি পাবেন।