
নিউজ ডেস্কঃ মামলা তদন্তের খাতিরে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির সঙ্গে ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনের অনৈতিক সম্পর্কের অভিযোগে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে বদলি করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এডিসি গোলাম সাকলায়েনকে পিওএম পশ্চিমে পদায়িত করা হয়েছে। গত ১৩ জুন ঢাকা বোটক্লাবে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের সূত্রে এই নায়িকার সঙ্গে পরিচয় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের। এরই সূত্র ধরে শুরু হয় প্রেম-প্রণয়। ঘটনা গড়ায় গোলাম সাকলাইনের সরকারি বাসা পর্যন্ত। আর এ ঘটনা প্রকাশ্য আসায় অসস্থিতে পড়ে ঢাকা মহানগর পুলিশ। দুই মাস না যেতেই পাল্টে যায় পরিস্থিতি। বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সেই পরীমনি এবার আসামি হয়ে ডিবি হেফাজতে রিমান্ডে। পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য।