
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম থেকে হাতির দাঁত পাচারকালে বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিনজনকে আটক করেছে র্যাব-৭। শুক্রবার বিকেলে নগরীর চান্দগাঁও থানাধীন মোহড়া এলাকায় অভিযান চালিয়ে হাতির দাঁত উদ্ধারসহ তাদের আটক করা হয়। শনিবার (৭ আগস্ট) বিকেলে এ তথ্য জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। আটকরা হলেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার গাবাসারা এলাকার আরুঅং মারমার ছেলে সুইচিং মারমা (৩৩), একই এলাকার মৃত জিন্নাত আলী খানের ছেলে মো. হাফিজুর খান (৪৩) ও রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি থানার পুরাতন মারিশ্যা এলাকার মো. গোলাম ছোবহানের ছেলে মো. খোরশেদ আলম (৩৫)।
মো. নুরুল আবছার জানান, চোরাকারবারি চক্রটি বাংলাদেশ থেকে ভারতে হাতির দাঁত পাচারের উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে শুক্রবার বিকেলে চান্দগাঁও থানার মোহরা এলাকায় অভিযান চালায়। এসময় তিনজনকে আটক করা হয়। আটক আসামিদের হেফাজতে থাকা শপিং ব্যাগের ভিতর থেকে একটি হাতির দাঁতের খণ্ডাংশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অনুমতি ব্যতীত হাতির দাঁত অবৈধভাবে নিজ দখলে রেখে দেশ-বিদেশে পাচার করে আসছে বলে স্বীকার করেন তারা। উদ্ধারকৃত হাতির দাঁতের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।