
নিউজ ডেস্কঃ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ফজিলাতুন নেছা মুজিবের অবদান রয়েছে। কিন্তু রাজনৈতিক নেতা হতে হবে, রাজনীতির কাছ থেকে কিছু পেতে হবে এটা কখনও তিনি ভাবতেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৮ আগস্ট) বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১ প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন এদেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন, জেল খেটেছেন। আমার মা তার পাশে থেকে সব সময় প্রেরণা যুগিয়েছেন। তিনি কখনও সামনে আসতে চাননি, কৃতিত্ব ফলাতে চাননি। তার যে ধৈর্য, সাহস ও সময়োপযোগী পদক্ষেপ যা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম ও তা বাস্তবায়নে সহযোগিতা যুগিয়েছে। ব্যক্তিগত জীবনে আমার বাবার কাছে মায়ের কোনো চাহিদা ছিলো না। তিনি বাবাকে সব সময় বলতেন সংসার নিয়ে তোমার ভাবতে হবে না। দেশের জন্য কাজ করছো, সেটাই করো। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটা মা উদ্যোগ নিয়ে আস্তে আস্তে তৈরি করেছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব আমাদের বাড়িতে এসেছিলেন। চলে যাওয়ার সময় বিমানবন্দরে তিনি আমার বাবাকে বলেছিলেন বাড়িটা তোমার স্ত্রীর নামে হেবা করে দাও। এসেটা করার জন্য আমার দাদার কাছ থেকে কাবিননামা আনা হয়। কাবিন নামায় আমরা মায়ের জন্ম তারিখটা পেয়েছিলাম।