
নিউজ ডেস্কঃ আমলা নির্ভর এ সরকার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং তারা মানুষের জীবন-জীবিকাকে বিপন্ন করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৯ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের প্রয়াত সদস্য ফজলুর রহমান পটলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োচিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভার আয়োজন করে ফজলুর রহমান পটলের পরিবার। এতে প্রয়াত নেতার পত্নী কামরুন্নাহার শিরিনসহ তার সন্তানদের তত্ত্বাবধায়নে নাটোরের লালপুর-বাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা প্রথম থেকে সরকারকে সর্তক করেছিলাম যে, একটা জাতীয় কনভেনশন করে অথবা সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, সব সামাজিক সংগঠন-এনজিও তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করা হোক। যাতে জনগণকে সম্পৃক্ত করে এই সংক্রমণকে মোকাবিলা করা যায়। দুর্ভাগ্য সরকার এটাকে কর্ণপাতই করেনি। তারা শুধুমাত্র আমলাদের ওপর নির্ভর করে আজকে করোনা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেই জায়গায় এক কথায় বলা চলে যে, সম্পূর্ণ অব্যবস্থাপনা, একেবারে দলীয় সংকীর্ণতা, দলীয়করণ এবং দুর্নীতি আজকে সব ব্যবস্থাটাকে গ্রাস করে ফেলেছে।