
নিউজ ডেস্কঃ শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরিতে যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী৷ তিনি বলেন,
পদ্মা সেতুর নিচ দিয়ে যে ফেরিগুলো যাবে, এগুলো হালকা যানবাহন (প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস) পারাপার করবে। স্রোতের তীব্রতা বা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত বাকি সব বন্ধ থাকবে।
মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে এক সভায় শেষে সাংবাদিকদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতুর সঙ্গে আমাদের অনুভূতি জড়িয়ে আছে, এই অনুভূতি হচ্ছে আত্মসম্মানের অনুভূতি। আমরা খুবই বিব্রত এবং খুবই দুঃখজনক হলেও বলতে হচ্ছে, পরপর দুটি ঘটনা ঘটে গেল পদ্মা সেতুতে, আমাদের ফেরি পিলারের সঙ্গে যে সংঘর্ষটা হলো। প্রথম যখন এই সংঘর্ষ হয়েছিল, সে সময় তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবও একটি তদন্ত কমিটি করেছিলেন। সেই তদন্ত কমিটির রিপোর্ট আমরা পেয়েছি। তাদের সুপারিশগুলো নিয়ে এখানে (সভায়) দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে।