
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মাদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এটি এম মোতাকাব্বির হোসেন জুয়েল (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টায় তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
নিহত জুয়েলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায়। তিনি থাকতেন মোহাম্মাদপুর এলাকার চন্দ্রিমা মডেল টাউনে। নির্মাণাধীন ভবনে ঠিকাদারি করতেন জুয়েল। মোহাম্মাদপুর থানার উপ পরিদশর্ক (এসআই) সাহিদুল ইসলাম জানান, রাতে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে গণভবন সংলগ্ন ক্রসিংয়ের বিপরীত পাশে একটি লরি তাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘাতক লরিটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, সেটি শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।