
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সুস্থ হয়ে ফিরে এসেছেন, এজন্য স্বস্তি প্রকাশ করছি। কিন্তু তার বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি এখনো পুরাপুরি সুস্থ হননি, তার আরও একটু বিশ্রাম দরকার, আরও একটু চিকিৎসা দরকার। বুধবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সপ্তাহব্যাপী ‘আলোকচিত্র, ডিজিটাল ডিসপ্লে ও সংবাদপত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান তথ্য কর্মকর্তা শাহিনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সচিব মো. মকবুল হোসেন। তথ্যমন্ত্রী বলেন, রিজভী আহমেদ অসুস্থ ছিলেন, ওনার বক্তব্য আমরা অনেক দিন মিস করছিলাম। আমি খোঁজ-খবর নিয়েছিলাম। বিভিন্ন সূত্র থেকে খবর পেলাম অসুস্থ থাকায় তাকে দেখা যাচ্ছে না। তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন এবং বক্তব্য দিচ্ছেন, এজন্য স্বস্তি প্রকাশ করছি। তার বক্তব্যে মনে হচ্ছে তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি, তার আরও একটু বিশ্রাম দরকার, আরও একটু চিকিৎসা দরকার। তিনি গতকাল যে বক্তব্য রেখেছেন, যেভাবে রেখেছেন এটি আসলে সুস্থতার লক্ষণ নয়, আরও সুচিকিৎসার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ড্যাবের ডাক্তাররা চিকিৎসা করতে পারেন। দরকার হলে আমরাও সহায়তা করতে পারি।