
নিউজ ডেস্কঃ মো. জয়নাল আবেদীন (৪২), প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবেই পরিচিত এলাকায়। কিন্তু সেই শিক্ষকই ইয়াবা সাম্রাজ্যে পরিচিত ‘দুলাভাই’ নামে। তার আসল নাম কেউই জানতো না। এমনকি তার চেহারাও কখনও কেউ দেখেনি। শুধু একটি মোবাইল নাম্বারই ছিল তার পরিচয়। মঙ্গলবার (১০ আগস্ট) গভীর রাতে নগরের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে গ্রেফতার করা হয় আরও দুই সহযোগীকে। উদ্ধার করা হয় ২১ হাজার ৭০০ পিস ইয়াবা ও নগদ ৮ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতার জয়নাল কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন জুলহারপাড়া গ্রামের মো. সিদ্দিক আহমেদের ছেলে। অন্য দুইজন হলেন- তার শ্যালক মো. মোবারক হোসেন (২৭) ও মো. রেজাউল করিম দিদার (৩১)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দেওয়ানহাট মোড়ের মুম্বাই সুইটস দোকানের সামনে থেকে জয়নাল আবেদীন প্রকাশ দুলাভাইকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে দুই সহযোগীকে গ্রেফতার এবং ২১ হাজার ৭০০ পিস ইয়াবা ও সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।