
নিউজ ডেস্কঃ রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, মহামারি করোনার কারণে সারাদেশের মতো রাজশাহীতেও উন্নয়ন কর্মকাণ্ড বাধ্যগ্রস্ত হয়েছে। তবে, করোনা মধ্যেও জাতীয় গুরুত্বপূর্ণ বড় বড় প্রকল্পগুলোর কাজ চালু রয়েছে। রাজশাহীতে আমরা উন্নয়ন কাজ চলমান রেখেছি। আর রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কাজের সুনাম রয়েছে, আমরা তা ধরে রাখতে চাই। বুধবার (১১ আগস্ট) রাসিকের উন্নয়ন কার্যক্রম বিষয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে মতবিনিময় করেন মেয়র। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এরই মধ্যে রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক এবং একটি ফ্লাইওভার নির্মাণ, মহানগরীর ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়ক ও নর্দমাগুলোর উন্নয়ন প্রকল্পের কাজ, সিটি বাইপাস রোড ফোরলেনে উন্নীতকরণ কাজ শেষ হয়েছে।
নানান প্রতিবন্ধকতা পেরিয়ে কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ চলছে। কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী সড়কের নির্মাণ কাজ শেষ হলে এটি হবে দেশের মধ্যে অন্যতম আকর্ষণীয় দৃষ্টিনন্দন সড়ক। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯১ কোটি টাকা ব্যয়ে ওয়ার্ড পর্যায়ে পাড়া-মহল্লায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজ চলমান আছে। ড্রেনের পাশে সড়ক ও রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো চারলেনে উন্নীতকরণ, কাঁচাবাজারগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনের পাশে রাস্তার উন্নয়ন, যানজট নিরসনে ৫টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। উন্নয়ন কাজের মানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। সব উন্নয়ন কাজে সংশ্লিষ্টদের যথাযথভাবে তদারকি করার নির্দেশ দেন মেয়র লিটন।