
নিউজ ডেস্কঃ দেশের আটটি বিভাগের মধ্যে ময়মনসিংহসহ চার বিভাগের অধিকাংশ জায়গায় বেশি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বাকি চার বিভাগেও বৃষ্টিপাত হবে, তবে তুলনামূলক কম। বুধবার (১১ আগস্ট) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফদর। এক্ষেত্রে কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণের কোনো শঙ্কা নেই। কিন্তু আগামী দু’দিনে বৃষ্টিপাত বাড়তে পারে।আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চালের সক্রিয়, দেশের অন্যত্র আঞ্চলের উপর মোটামুটি সক্রিয়। এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা নাগাদ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিমি।