
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে সব শর্ত তুলে নিয়েছে সরকার। আগামী ১৯ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। ওই দিন থেকে আসন সংখ্যার অর্ধেক ফাঁকা রেখে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এসব ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করে বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহল থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৯ আগস্ট থেকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। ‘সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’