
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি এবং জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রস্টার। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত দুই রাষ্ট্রদূত। বৃহস্পতিবার (১২ আগস্ট) বঙ্গভবন প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে এসে পৌঁছুলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার দেয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনিযুক্ত রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়া ও জার্মানির সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। রাষ্ট্রপতি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনে রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এসময় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা উল্লেখ করে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে রাশিয়ার সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি।