
নিউজ ডেস্কঃ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিকে শনিবার (১৪ আগস্ট) ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যানবাহন সীমিত চলার কারণে। জানা গেছে, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যানবাহন সীমিত পারাপার ও রোববার ১৫ আগস্টের ছুটির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে চাপে বেড়েছে যানবাহন ও সাধারণ মানষের। এতে দক্ষিণ-পশ্চিম আঞ্চলের ঘাট পার হওয়া মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
শুক্রবার (১৩ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি স্বল্পতার কারণ দেখিয়ে বিকল্প রুট হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব্যবহারের আহ্বান জানিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি স্বল্পতায় বিকল্প রুট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।