News71.com
 Bangladesh
 15 Aug 21, 11:47 AM
 268           
 0
 15 Aug 21, 11:47 AM

বাঙালীর অন্তরে বঙ্গবন্ধুর নাম চির অমলিন-অক্ষয় হয়ে থাকবে॥ রাষ্ট্রপতি

বাঙালীর অন্তরে বঙ্গবন্ধুর নাম চির অমলিন-অক্ষয় হয়ে থাকবে॥ রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ ঘাতকচক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে পারলেও তার নীতি ও আর্দশকে মুছে ফেলতে পারেনি মন্তব্য করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতির পিতার নাম বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে।আগামী রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৪ আগস্ট) দেয়া এক বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি। আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে।

বাঙালি জাতির ইতিহাসে ১৫ আগস্ট এক কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা কেবল দেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেও বিরল। বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা ও মহান স্বাধীনতার রূপকার। ১৯৪৮ সালে ভাষার দাবিতে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বসহ ১৯৫২ এর মহান ভাষা আন্দোলন, ’৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৫৮ এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ’৬২ এর গণবিরোধী শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, ’৬৬ এর ৬-দফা, ’৬৯ এর গণঅভ্যুত্থান ও ’৭০ এর নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এজন্য তাকে বারবার কারাবরণ করতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন