
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন। রোববার (১৫ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একের পর এক শ্রদ্ধা নিবেদন করেন যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিটি করপোরেশন, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আসতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শোক প্রকাশ করতে কালো পোশাক ও কালো ব্যাজ পরেন তারা।