
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এবং ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলা করে জঙ্গিরা নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিল৷ শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদের বিচারের আওতায় এনে বিচার করেছি৷ একই সঙ্গে জঙ্গিদের নিয়ন্ত্রণে এনেছি৷ আজ রোববার (১৫ আগস্ট) রাজধানীর ধোলাইপাড় মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত স্মরণসভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা৷
আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর দু’জন খুনি বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন৷ সেই সব দেশের সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে৷ আমরা দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব৷ একইসঙ্গে বাকি দুই খুনির খোঁজ পাইনি৷ তাদের খোঁজ চলছে৷ তাদের খোঁজ পেলে বিচারের মুখোমুখি করা হবে৷ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশকে পাকিস্তানে ফিরিয়ে আনতে চেয়েছিল৷ তাদের স্বপ্ন ধ্বংস হয়ে যায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসার পর, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷