
নিউজ ডেস্কঃ এ দেশের সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোশতাক হত্যাকাণ্ডের বিচার বন্ধে যে অধ্যাদেশ জারি করেছিলো জিয়াউর রহমান তা আইনে পরিণত করে। এদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি, ১৫ আগস্টদের ঘাতকদের আস্থার নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি। রোববার (১৫ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, রক্তাক্ত এ আগস্ট মাসটি এলেই বিএনপি নাম একটি দলের গাত্রদাহি শুরু হয়। ১৫ আগস্টে খুনিদের পুরস্কৃত করেছিলো জিয়াউর রহমান যে কথা কী বিএনপি ভুলে গেছে? বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ইতিহাসকে মুছে ফেলতে চেয়ছিলো তারাই আজ ইতিহাস থেকে মুছে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। সব ষড়যন্ত্র পায়ে ঠেলে সোনালি সোপানের দিকে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।