
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু ও বাংলাদেশ একে অপরের পরিপূরক ও সমার্থক। তার জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর অবদানকে খাটো করার বহু চেষ্টা করা হয়েছে। কিন্তু তা সফল হয়নি। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের ডাক দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি কাঙ্খিত স্বাধীনতা পেয়েছে। কিন্তু অর্থনৈতিক ও সামাজিকসহ সব ক্ষেত্রে শোষন-বঞ্চনা থেকে মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধু আরম্ভ করলেও ঘাতকরা তাকে তা শেষ করতে দেয়নি। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে জনগণের প্রকৃত মুক্তির পথে দেশ এগিয়ে যাচ্ছে।
রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে দুদকের ভার্চ্যুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ এসব কথা বলেন।আলোচনা সভা ও দোয়া মাহফিলে কমিশনের প্রায় তিন শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি বলেন, অর্থনৈতিক মুক্তি সংগ্রামের অন্যতম প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। আজ আমরা শপথ নেই দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার। সব প্রকার সামাজিক ব্যবধান দূর করে আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সততা ও ঈমানদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ ও মুক্তির সংগ্রাম বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর প্রতি আমাদের ঋণ শোধ করার এটিই অন্যতম পন্থা।