
নিউজ ডেস্কঃ বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণকারী পাসপোর্টধারী যাত্রীদের ভারত থেকে ফেরার পর আর ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। সোমবার (১৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।এদিকে ভারত ভ্রমণের ক্ষেত্রে লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র। তবে ভারত থেকে ফেরার পর ১৪ দিন থাকতে হবে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে। হোম কোয়ারেন্টিন সুবিধা নিতে যাত্রীদের সঙ্গে রাখতে হবে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের সনদ এবং ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ। তবে দ্বিতীয় ডোজ না নেওয়া যাত্রীদের থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।
ভারত ফেরত পাসপোর্টধারী যাত্রীরা জানান, তারা ভারতে যাওয়ার আগে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন। এখন ফিরে হোম কোয়ারেন্টিনের সুযোগ পেয়েছেন। সরকারের এমন সিদ্ধান্তে বেশ খুশি তারা। এর আগে তাদের ব্যক্তিগত খরচে আবাসিক হোটেলে বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছিল। ভারতগামী বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী জামিল জানান, ভারতে যেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র এনেছিলেন কিন্তু তা লাগেনি। ছাড়পত্র ম্যানেজ করতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এ নিয়মে এখন তারা অনেকটা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।