
নিউজ ডেস্কঃ কতিপয় পথভ্রষ্ট সেনা সদস্যরা নয়, বরং সুপরিকল্পিতভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই- ইলাহী চৌধুরী। জাতীয় শোকদিবস উপলক্ষে সোমবার (১৬ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ড. তৌফিক-ই- ইলাহী চৌধুরী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার প্রসঙ্গে তৌফিক-ই-ইলাহী বলেন, অনেকেই বলেন যে, পথভ্রষ্ট সেনা সদস্যরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু বিষয়টি ঠিক নয়। তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। আমরা তো শুনেছিলাম, তাকে ১৪ আগস্ট, পাকিস্তানের স্বাধীন দিবসে হত্যার পরিকল্পনা ছিল। কারণ যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, দেশের বাইরে ও ভেতর থেকে তারা স্বাধীনতার পর থেকেই চক্রান্ত শুরু করে। স্বাধীনতার পর থেকেই দেশের অর্থনীতির উন্নয়নে বঙ্গবন্ধু কাজ শুরু করেন উল্লেখ করে তৌফিক-ই- ইলাহী বলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরে অর্থনীতিতে পাকিস্তানকেই ছাড়িয়ে যায় বাংলাদেশ।১৯৭১ সালে বাংলাদেশের গড় মাথাপিছু আয় ছিল পাকিস্তানের অর্ধেক। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশ মাথাপিছু আয়ে পাকিস্তানকে ছাড়িয়ে যায়। লক্ষণীয় দিক হচ্ছে, তাকে হত্যার পরের ১১ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় আবার পাকিস্তানের থেকে কম ছিল।