
নিউজ ডেস্কঃ দুর্দিনে বন্ধুত্বের পরিচয় উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের দুর্দিনে বন্ধুত্বের পরিচয় দিয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলব, ভারতবাসীর প্রতি আমাদের মমত্ববোধ রয়েছে। আমরা চাই আমাদের দুর্দিনের এ বন্ধু চিরজীবন বন্ধুত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে।
সোমবার (১৬ আগস্ট) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় সহকারী হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, ভারত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। অসাম্প্রদায়িক চেতনায় আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। এ চেতনা যুদ্ধজয়ে প্রেরণা জুগিয়েছে। ভারতের এগিয়ে যাওয়া অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভারতের এগিয়ে যাওয়া সমস্ত পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার। সভাপতিত্ব করেন সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি।