
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ও ক্লুলেস জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের লোমহর্ষক রহস্য উদঘাটন এবং মূল হত্যাকারীসহ ৭ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। মঙ্গলবার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। তিনি জানান, ২১ জুলাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন টেংরারটেক সাকিনস্থ এশিয়ান হাইওয়ে রোডের পশ্চিম পাশের মাল্টি-ব্র্যান্ড গ্রুপের বাউন্ডারি সংলগ্ন ডোবার মধ্যে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। ২৪ তারিখ হাসপাতাল মর্গে উপস্থিত হয়ে মো. কাজল হোসেন (২১) নামে এক ব্যক্তি মরদেহের ছবি ও পরনে থাকা কাপড় দেখে সেটি তার বাবা জাহিদুল ইসলামের বলে শনাক্ত করেন। এরপরেই অজ্ঞাতপরিচয় আসামিদের নামে নিহতের ছেলে মো. কাজল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত অজ্ঞাতপরিচয় আসামিদের গ্রেফতারে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। র্যাব তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ক্লুলেস এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। র্যাবের অভিযানে ১৬ আগস্ট (সোববার) রাতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি গাইবান্ধা জেলার সাঘাটা থানার আদর্শ গ্রামের মো. গফুর আলীর ছেলে সাইফুল ইসলামকে (৩০) গ্রেফতার করে।