
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোড এলাকায় স্থানীয় সাংবাদিক সোহেল রানা ডালিমকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে আহত সাংবাদিক ডালিমের বড় ভাই আরিফ হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দুই/তিনজনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আরো দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ঘটনার দিন সোমবার রাতেই একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলো।
গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার ইমার্জেন্সি রোডের মৃত আব্দুল লতিফের ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির অন্যতম সদস্য রাজু আহমেদ (২৪), ফেরিঘাট এলাকার আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ জান্নাত হোসেন (২৩) ও একই এলাকার নজরুল লতিফের ছেলে আল মমিন (২২)। এদিকে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা অফিসে জরুরি বৈঠকে মিলিত হন জেলার সাংবাদিক নেতারা। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। পরে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের সঙ্গে তারা দেখা করে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি এবং এ ঘটনার সুষ্ঠু ও বিচারের দাবি জানান।