
নিউজ ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩০৬ জন ভর্তি হয়েছেন। বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩০৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ২৭৩ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১১০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ৮৩ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ছয় হাজার ৯৫৬ জন। একই সময়ে তাদের মধ্য থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৭৩৩ জন। এ যাবৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যুর হয়েছে।