
নিউজ ডেস্কঃ এত বেশি বেতন-ভাতা, সুযোগ-সুবিধার পরও দুর্নীতি করলে সহ্য করা হবে না, বিষয়টি মাথায় রেখে কাজ করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৮ আগস্ট) সচিব সভায় (ভার্চ্যুয়াল) ব্যাপকহারে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে দুর্নীতির বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্তক করে টানা তিন বারের সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। যেহেতু আমরা অনেক সুযোগ-সুবিধা দিচ্ছি, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, এ জন্য কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করবো না। সেটিকে মাথায় রেখে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘দুর্নীতি একটি ব্যাধির মতো, এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। সেদিকে আপনাদের একটা কঠোর ব্যবস্থা নিতে হবে। যেখানে দুর্নীতি দেখবেন সেখানেই ব্যবস্থা নিতে হবে। যারা ভালো কাজ করবেন অবশ্যই তারা পুরস্কৃত হবেন। কিন্তু যারা দুর্নীতিতে জড়িত হবেন অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই একটা দক্ষ সেবামুখী জবাবদিহিমূলক প্রশাসন গড়ে উঠবে, যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবে। সেটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর।'