
নিউজ ডেস্কঃ তীব্র স্রোতের কারণে দ্বিতীয় দিনের মতো বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এ কারণে ঘাটের টার্মিনালে আটকে থাকা শত শত পণ্যবাহী ট্রাক বিকল্প রুট হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের উদ্দেশে ফিরে গেছে। ফলে যানবাহন শূন্য রয়েছে ঘাটের টার্মিনাল। এছাড়াও বৃহস্পতিবার (১৯ আগস্ট) বাংলাবাজার ঘাটে আসা অ্যাম্বুলেন্স, পিকআপভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে আসা যাত্রীরাও কিছু সময় অপেক্ষা করে ফিরে যাচ্ছেন অন্যত্র। তারা মূলত ফেরি বন্ধের বিষয়টি না জেনেই এসেছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার সময় পদ্মাসেতু অতিক্রম করতে গিয়ে প্রবল স্রোতের মুখে পড়ে ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ফেরি। ঘাটের টার্মিনালে আটকে থাকা পণ্যবাহী ট্রাক চালকদের পাটুরিয়া রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হলে, বুধবার (১৭ আগস্ট) রাতেই ট্রাকগুলো বাংলাবাজার ঘাট ত্যাগ করে।