
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে বোমা তৈরির কারিগর বক্কর (২৭) ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু (২৪) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত বক্কর ও তার স্ত্রী মধুবালাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটকরা হলেন- একই গ্রামের ইয়াকুব মণ্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫), মৃত আমিরুল মাস্টারের ছেলে বিকু (৪০) ও তাহের আলীর ছেলে রায়হান (২২)। স্থানীয় সূত্র জানায়, বিলগাথুয়া গ্রামের ইন্তাজ মণ্ডলের ছেলে বক্কর ও তার স্ত্রী মধুবালা নিজ বাড়িতে বোমা তৈরি করছিলেন। এসময় একটি বোমা বিকট শব্দে বিস্ফোরণ হলে বক্কর ও তার স্ত্রী মধুবালা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বোমা বিস্ফোরণের সময় ঘরের টিনের চালা উড়ে যায় বলে জানান স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন।