
নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জনে। এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৯৯৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে। শুক্রবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন। ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১৫৯ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৬ হাজার ৫৬৬ জনের দেহে। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ১০ হাজার ৮৭৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৫৫৯ জন। এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) করোনায় মারা গেছেন ১০ হাজার ৪৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯২ হাজার ৮৮৬ জন।