
নিউজ ডেস্কঃ বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের নাগরিক অধিকার তথা ব্যক্তি, চিন্তার স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রামে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভূমিকা ছিল ঐতিহাসিক। শুক্রবার (২০ আগস্ট) ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকীতে আমি তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জনগণের নাগরিক অধিকার তথা বাক, ব্যক্তি, চিন্তার স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রামে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভূমিকা ছিল ঐতিহাসিক। ছাত্রজীবন থেকে গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত হয়ে রাষ্ট্রীয় স্বাধীনতা ও অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় গণআন্দোলনের সম্মুখ কাতারে থেকেছেন।