
নিউজ ডেস্কঃ জমি সংক্রান্ত বিরোধের জেরে জামালপুরের মেলান্দহে আপন বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই জাকিরুল নিহত হয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলায় নাংলা ইউনিয়নের বন্দরৌহা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকিরুল ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম বিষয়টি জানান।
তিনি জানান, বাবা আব্দুল মান্নানের কাছ থেকে জমি লিখে নেন বড় ভাই এনামুল হক। বিষয়টি নিয়ে এনামুলের সঙ্গে ছোট ভাই জাকিরুলের বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাকিরুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন এনামুল। এতে ঘটনাস্থলেইছোট ভাই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ঘাতক এনামুলকে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।