
নিউজ ডেস্কঃ দেশের করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশ থেকে টিকা কিনছে সরকার। পাশাপাশি উন্নয়ন সহযোগী দেশগুলো ফ্রি ভ্যাকসিন সেবাও দিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে সংকট রয়েছে আইসিইউ ও ভেন্টিলেটর সাপোর্ট। এ অবস্থা থেকে উত্তরণের জন্য হাত বাড়িয়েছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশী চিকিৎসকরা। করোনা ডেডিকেটেড হাসপাতালের সক্ষমতা বাড়াতে ৩১২টি ভেন্টিলেটর বাংলাদেশ সরকারকে প্রদান করেন তারা।
শনিবার (২১ আগস্ট) ভোর রাত ৩টা ৩৬মিনিটে ভেন্টিলেটরগুলো নিয়ে কাতার এয়ারওয়েজের QR638 মডেলের একটি বিমান দোহা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ। পরে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে ডা. আব্দুল্লাহ বলেন, এই মহামারীর সময়ে এসব সহযোগিতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করা হচ্ছে। এসব ভেন্টিলেটর শুধু করোনার সময় নয়, পরবর্তী সময়েও যে কোন মুমূর্ষু রোগীর জন্য এসব ব্যবহার করা যাবে বলে জানান তিনি।