
নিউজ ডেস্কঃ বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানোর একটা চেষ্টা থেকে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। গতকাল শুক্রবার (২০ আগস্ট) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ-স্মরণে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন ৷ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ উত্তর এ আলোচনা সভার আয়োজন করে৷
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলে শামস পরশ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে ইতিহাসের ঘৃণ্যতম হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছিলাম। ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল বাঙালির স্বাধিকারকে অস্বীকার করা এবং এর প্রতিশোধ নেওয়া। ১৫ আগস্ট ছিল বাঙালির পরিচয় ও জাতি সত্তার ওপর আঘাত করা। ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যা নয়, তাকে ও তার পরিবারকে হত্যা করে বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানোর একটা চেষ্টা। তাই বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের আওতায় আনতে এবং এর পেছনের কুশীলবদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করা এই প্রজন্মের অন্যতম দাবি।