
নিউজ ডেস্কঃ বান্দরবানে এক লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ উচহ্লা মার্মা নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারাগ্যো পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক উছালা মার্মা (৪৩) মারোগ্যা পাড়ার বাসিন্দা ক্যাচাছিং মার্মার ছেলে। সে সোনাইছড়ি জুনিয়র হাইস্কুলের দপ্তরি। পুলিশ জানায়, স্কুলের দপ্তরি উচহ্লা মার্মা কৌশলে দীর্ঘদিন ধরে মাদক কারবারে করে আসছিল বলে অভিযোগ করে স্থানীয়রা। বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে এক লাখ ৭১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজারমূল্য আনুমানিক সোয়া ৫ কোটি টাকা। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন ইয়াবাসহ স্কুলের দপ্তরিকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা করা হচ্ছে। তার সিন্ডিকেটে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত চলছে। মাদক কারবারিদের কোনো ছাড় নেই। অভিযান অব্যাহত থাকবে।