
নিউজ ডেস্কঃ গত দুই বছরে প্রায় সাড়ে ৪০০ পত্রিকা একটি কপিও ডিএফপিতে জমা দেয়নি। এসব পত্রিকাগুলো ভূতুড়ে পত্রিকা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ ইতোমধ্যেই ১০০টি এমন পত্রিকার ডিক্লেরেশন বাতিলের জন্য জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ‘সাংবাদিকতায় বঙ্গবন্ধু’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, ভূতুড়ে পত্রিকাগুলো সাংবাদিকদের কোনো বেতন দেয় না। তারা আইডি কার্ড বিতরণ করে৷ এসব সাংবাদিকরা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হন। যার কারণে সাংবাদিক সমাজের ওপর বদনাম হয়। তিনি বলেন, অনলাইন গণমাধ্যম এখন বাস্তবতা৷ যে কারণে সরকার অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের কাজ করছে।
ইতোমধ্যেই পাঁচ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে খোঁজ-খবর নিয়ে আমরা মাত্র ১৫০টি অনলাইনকে নিবন্ধন দিয়েছি। একসঙ্গে যেসব অনলাইন ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে সেগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাকশালের সময়ে চারটি পত্রিকা বাদে অন্যান্য পত্রিকা বন্ধ করে দেওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, সে সময় কোনো সাংবাদিক বেকার হয়নি। তাদের বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া হয়েছে। যারা চাকরি পাননি, তাদের তথ্য মন্ত্রণালয় থেকে টাকা দেওয়া হতো।