News71.com
 Bangladesh
 25 Aug 21, 11:08 AM
 168           
 0
 25 Aug 21, 11:08 AM

রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষ॥ মা-মেয়েসহ আহত ৩

রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষ॥ মা-মেয়েসহ আহত ৩

নিউজ ডেস্কঃ রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অটোরিকশা ও বাসটি জব্দ করেছে পুলিশ। আহতরা হলেন- নুরুন্নাহার বেগম (৬০) ও তার মেয়ে ইশরাত জাহান চৈতি (২০)। তাদের বাড়ি গাজীপুর বোর্ড বাজার এলাকায়। আর আহত অটোচালক মাসুদ খান (৫৫) থাকেন মোহাম্মদপুরে। নুরুন্নাহারের মেয়ের স্বামী কবির আহমেদ জানান, গত রোববার (২২ আগস্ট) তারা দু'জন গাজীপুর থেকে গুলশান-১ নম্বর এলাকায় বড় মেয়ের বাসায় বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে আবার বাড়িতে যাওয়ার জন্য গুলশান থেকে রিকশা নিয়ে মহাখালীতে যান। সেখান থেকে অটোরিকশায় করে গাজীপুর যাচ্ছিলেন। পথে অটোরিকশাটিকে বলাকা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে অটোচালকসহ তারা দুইজন আহত হয়।

তিনি আরও জানান, পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে তাদেরকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে তারা। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেসার উদ্দিন জানান, সকালে আমতলীতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি উল্টো পথে অটোরিকশা মেইন রোডে ঢোকার সময় সামনের দিক থেকে আসা বলাকা পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। আমরা ঘটনার পরপরই অটোরিকশা ও বাসটি জব্দ করেছি। বাস চালককেও আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন