
নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতি কমে গেলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেকোনো সময় স্কুল খোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেছেন, ছাত্রদের ওয়ার্কশিট (অ্যাসাইনমেন্ট) দেওয়া হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং সশরীরে পরীক্ষা নিতে না পারলে পরবর্তীতে শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হবে। মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, আগে আমাদের একটা পরিকল্পনা ছিল যে পার্ট পার্ট করে ক্লাস করবো। থ্রি, ফোর, ফাইভ হয়তো দুই দিন করবো। ওয়ান, টু একদিন একদিন করে করবো। এভাবে করতে চাচ্ছি।
প্রতিমন্ত্রী বলেন, আমরা শর্ট সিলেবাসেরও একটা চিন্তা ভাবনা করছি। সেটা সমাপনীতেও ব্যবহার হবে। আমরা মূল্যায়ন করবো। কে কীভাবে কী করল, তার মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট দেবে। সশরীরে পরীক্ষা যদি নিতে না পারি মূল্যায়নের ভিত্তিতে ফল দেবে। স্কুল খুলতে পারলে পরীক্ষা নেব। স্কুল খোলা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা সেপ্টেম্বরে খুলতে হলে প্রস্তুতি আছে, অক্টোবরে খুলতেও প্রস্তুতি আছে। আমাদের ওয়ার্কশিট দেওয়া হচ্ছে সিলেবোস অনুযায়ী, এটিও একটি মূল্যায়ন। এই ওয়ার্কশিট দেওয়ার কারণে সারা দেশে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পৃক্ততা রয়েছে। ২০২০-এও মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট দিয়েছি। এবার করোনা পরিস্থিতি অস্বাভাবিক থাকলে আগের বারের মতো মূল্যায়ন করা হবে। স্কুল খুললে কীভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে সেই নির্দেশনা দেওয়াই আছে। প্রাথমিকের ৮৫ শতাংশ শিক্ষক ইতিমধ্যে করোনার টিকা নিয়েছেন, সবাইকে টিকা দেব।