
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলগুলো পুনরায় চালু করে পাটপণ্য উৎপাদনে সৌদি আরব বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। বুধবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়স্থ বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানিয়েছেন বলে জানান তিনি। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে সৌদি আরব বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। সৌদি আরব বস্ত্র ও পাটখাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে আরও অধিক পরিমাণে বিনিয়োগ করবে তিনি এ আশা ব্যক্ত করেন। সৌদি আরবের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উৎপাদিত হয় এবং এ পাট থেকে এখন উচ্চমানের ও আকর্ষণীয় বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে। পাটপণ্য সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব। সৌদি আরবে সম্প্রতি পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাওয়াতে সে দেশে বহুমুখী পাটপণ্যের চাহিদা বহুগুণে বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বহুমুখী পাটপণ্যের রপ্তানি হয়। এ রপ্তানি দেশের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে সৌদি আরব। বাংলাদেশ ভবিষ্যতে আরও অধিক পরিমাণে বহুমুখী পাটজাত পণ্য সৌদি আরবে রপ্তানি করতে চায়।